সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে

লেখক: রফিকুল ইসলাম টিটু ( ধর্মপাশা ) সুনামগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ: August 27, 2026

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত ও জলাবদ্ধতা।

 

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে আছে। কোথাও কোথাও সড়কের মাটি নরম হয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। খালের ওপর সেতু থাকলেও সেতুর সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। কাদা-পানি মাড়িয়ে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী তৌহিদুন নবী বলেন, বৃষ্টির সময় সড়কে কাদা ও পানি জমে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, সড়কটির সমস্যার বিষয়টি তাদের নজরে এসেছে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

 

এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক।