চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: December 24, 2025

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ | ২৪ ডিসেম্বর ২০২৫

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৫৩ বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাঘববাটি নামক স্থানে (সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ ভেতরে) অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে উক্ত ব্যাগ তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানিয়েছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের প্রবেশ রোধে তারা সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও কৌশলগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।