ঝালকাঠিতে শীতার্তদের মাঝে রোভার স্কাউটের কম্বল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: January 24, 2026

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ঝালকাঠি কলেজ রোডস্থ জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী জামান।

সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা রোভার সম্পাদক মো. মাসুম, জেলা রোভারের ইয়ং লিডার মো. আল আমিন এবং জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন। এ সময় স্কাউট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও এভাবে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।