ফেসবুক নিয়ে বিরোধ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 30, 2026

মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক আইডি সংক্রান্ত তুচ্ছ বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে জয়নাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​ঘটনার পর পরই অভিযুক্ত বড় ভাই জাফরকে আটক করেছে পুলিশ।

​পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, একটি ফেসবুক আইডি ব্লক করা ও না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলছিল। আজ শনিবার সকালে এই বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্কাতর্কি চরম রূপ নিলে বড় ভাই জাফর ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে জয়নাল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান,

​”ফেসবুক সংক্রান্ত তুচ্ছ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত বড় ভাই জাফরকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

​এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।