নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

লেখক: আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: June 21, 2026

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় বজ্রপাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের পূর্বে অজু করার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ আদায়ের প্রস্তুতি হিসেবে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অজু করছিলেন। এ সময় হঠাৎ করে প্রবল বজ্রপাত হলে তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।
নিহত শিক্ষার্থীরা হলেন— কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা বাদলের পুত্র জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় মাদ্রাসা ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনা। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মহান আল্লাহ তাআলার কাছে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।
এদিকে, দেশে বজ্রপাতজনিত দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা খোলা স্থানে অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় গোতাশিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী নিহত তিন শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।